চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা চালক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে অটোরিকশার বন্ধে অভিযানে নামলে উভয়পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগর পুলিশের ট্রাফিক বিভাগের ব্যাটারিচালিত রিকশাবিরোধী সাঁড়াশি অভিযানের প্রতিক্রিয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি পুলিশের পক্ষ থেকে।

জানতে চাইলে নগর পুলিশের ডিসি উত্তর, এডিসি (জনসংযোগ) এবং চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিনকে কল করা হলে তারা কেউ সাড়াই দেননি।

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এরই প্রেক্ষিতে চালকদের ক্ষোভ দানা বাঁধছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

Tags :

সর্বশেষ