চট্টগ্রাম নগরের বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে চাঁদনী আক্তার সুখী (২৩) নামে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে মধ্য হালিশহরের বাকের আলি ফকিরের টেক এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে বন্দর থানার ধুমপাড়া এলাকা থেকে তার স্বামী মো. সবুজ খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মূলত পারিবারিক মনোমালিন্যের কারণে পরিকল্পিতভাবে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন।
চাঁদনী আক্তার খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁনমিয়ার কন্যা। নিহত চাঁদনী একটি পোশাক কারাখানায় কাজ করতেন। স্বামী সবুজ খন্দকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার কারণে পারিবারিক কলহে লিপ্ত ছিলেন।
স্বজনদের তথ্য অনুযায়ী, কিছুদিন আগে চাঁদনীকে নির্যাতনের পরে তিনি আশ্রয় নেন নিলাচল আবাসিক এলাকার আক্কাস কলোনিতে তার মামার বাসায়।
শনিবার চাকরি শেষে বিকেলে তিনি মামার বাসায় ফেরার পথে স্বামী সবুজ তার ওপর এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাঁদনীর মৃত্যু হয়।
নিহতের বোন কাজল আক্তার জানান, চাঁদনী বহুবার নির্যাতনের শিকার হয়েছেন। সবুজকে সংশোধনের অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তারা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, শনিবার বিকালে হত্যার ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। জানতে পারি ওই নারীর স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা দ্রুতসময়ের মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই সবুজকে গ্রেপ্তার করি।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। তারা একসঙ্গে থাকতেন না। পরিকল্পিতভাবে সে তার স্ত্রীকে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।