Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

দায়িত্ব গ্রহণ করলেন নতুন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী বেলায়েত হোসেন। সোমবার (১৫ জুন) ঢাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে তিনি এই দায়িত্ব ভার গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিববৃন্দ। এ সময় সিডিএ’র বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রামের পরিকল্পিত ও আধুনিক নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “চট্টগ্রামকে একটি নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব। এই গুরুদায়িত্ব সুচারুভাবে পালনে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিডিএ’র কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রামের সর্বস্তরের জনগণের দোয়া ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”

অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানান এবং চট্টগ্রামের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলো সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Tags :

সর্বশেষ