চট্টগ্রাম বুলেটিন

নাছিরের হত্যাকারী যেই দলেরই হোক না কেন শাস্তি নিশ্চিত করতে হবে, প্রশাসনকে আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

সীতাকুণ্ডে নির্মম হত্যাকাণ্ডের শিকার উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দীনের প্রসঙ্গে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী বলেছেন, নাছিরের হত্যাকারী যেই হোক না কেন তার শাস্তি নিশ্চিত করতে হবে। সে যদি আমার দলেরও হয় তাকে শাস্তির মুখোমুখি করতে হবে এটি আমি প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে সীতাকুণ্ডের হাতিলোটার ছরারকুল এলাকায় নাছিরের বাড়ি সংলগ্ন মাঠে নামাজে জানাযায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, নাছির উদ্দীন ছিল জাতীয়তাবাদী শক্তির পাগলা, দল পাগলা মানুষ যাকে বলে সেই ছিল নাছির। দলের একনিষ্ঠ কর্মী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন নির্ভীক সৈনিক সে। সে দলীয় কর্মকাণ্ডে আমাদের মন জয় করেছে। তার দলের প্রতি মনোনিবেশ আমাদের আকৃষ্ট করেছে। তার অকালে মৃত্যু আমাদের বড় ক্ষতি। আমরা তার মৃত্যুতে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহশতে নসিব করেন।

এ ঘটনাকে একটি হত্যাকাণ্ড উল্লেখ করে আসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় পরিবারকে শান্তনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। এ হত্যার বিচার হতে হবে। আমি প্রশাসনকে বলে দিয়েছি হত্যাকারী যে দলেরই হোক, সে যদি আমার দলেরও হয় তাহলেও তাকে সঠিক তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। আমরা প্রতিটি ক্ষেত্রে প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, এখানে দলীয় প্রভাব বিস্তার বা দলীয় বিষয় চিন্তা করার কোন সুযোগ বা কারণ নেই, সে যে দলেরই হোক তাকে শাস্তির মুখোমুখি করতে হবে। আপনারা যথাযথ তদন্তের মাধ্যমে যার সংশ্লিষ্টতা পান তাকে নিয়মানুযায়ী আইনের আওতায় এনে তাকে  বিচারের মুখোমুখি করবেন এবং তার শাস্তি নিশ্চিত করবেন।

এসময় তিনি বলেন, নাসিরের দুটি কন্যা সন্তান ও পুত্র সন্তান রয়েছে। তাদেরকে সান্তনা দেয়ার কোন ভাষা আমাদের নেই। আমরা তাদের জন্য দলীয়ভাবে এবং আমি ব্যক্তিগতভাবে পাশে থাকবো। বিপদ মানুষের আসে, কিন্তু মনোবল শক্ত রাখতে হয়। তাই আমরা তাদেরকে মানসিকভাবে সমর্থন দিব, মনোবল ঠিক রাখব।

এরপর বিএনপি’র কেন্দ্রীয় এই নেতা নাসির উদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করেন। এসময় নাছির উদ্দীনের দুই কন্যা, বোন ও পরিবারের অন্যান্য সদস্যরা আসলাম চৌধুরীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় তারা আসলাম চৌধুরীর কাছে নাসির উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার পেতে সহযোগিতা কামনা করেন।

অপরদিকে নামাজে জানাজা শেষে ইফতারের আগ মুহূর্তে নাসির উদ্দিনকে হাতিলোটার সামাজিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, সদস্য সচিব মোঃ মহিউদ্দিন। এতে সীতাকুণ্ড উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন।

 

 

Tags :

সর্বশেষ