চট্টগ্রাম বুলেটিন

যুগের সাথে তাল মেলাতে শিক্ষার্থীদের এআই দক্ষতা অর্জন করতে হবে: শাবিপ্রবি ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। এই যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তাই যুগের সাথে তাল মেলাতে হলে শিক্ষার্থীদের এআই দক্ষতা অর্জনের পাশাপাশি প্রযুক্তির গভীরে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে। অন্যথায় পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) শুরু হওয়া আট দিনব্যাপী প্রযুক্তি মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এআই এখন চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা, গবেষণা, এমনকি দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলছে। তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের এআই-এ দক্ষতা অর্জন বাধ্যতামূলক। শুধু পড়াশোনার পাঠ্যবই নয়, প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে গভীরভাবে জানতে হবে৷ নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের আসল শক্তি হলো শেখার সুযোগ আর ইতিবাচক মনোভাব। আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, তাই এই স্বল্প সময়ের মধ্যেই আমাদের অনেক বড় কাজ করে যেতে হবে।ছাত্রদের উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে, বড় স্বপ্ন দেখার মানসিকতা থাকতে হবে। জীবনে হতাশ হওয়া যাবে না। ব্যর্থতা আসবে, চ্যালেঞ্জ আসবে, কিন্তু ইতিবাচক মনোভাব ধরে রেখে এগিয়ে যেতে পারলেই সাফল্য নিশ্চিত।
শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, নিজেদের সক্ষমতা বিশ্বাস করুন, মনোযোগী থাকুন, সৎ থাকুন এবং কঠোর পরিশ্রম করুন। তবেই আপনারা নিজেদের ভবিষ্যৎকে সুন্দর ও অর্থবহ করে গড়ে তুলতে পারবেন। এ ধরনের প্রযুক্তি উৎসব ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনে উৎসাহী হওয়ার মঞ্চ।
শনিবার আইআইইউসি’র কুমিরা ক্যাম্পাসে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী৷ এতে গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবু ইউসুফ।
এতে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং প্রযুক্তি উৎসব-২০২৫ অর্গানাইজিং কমিটির কনভেনার প্রফেসর মোহাম্মদ সামসুল আলম। এতে আরও বক্তব্য রাখেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, আইআইইউসি‘র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
এই প্রযুক্তি উৎসব চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। ২৯ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। দেশের প্রায় ৫০ টি বিশ্ববিদ্যালয় দুই হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৮টি ভিন্নধর্মী প্রতিযোগিতা ও প্রদর্শনী থাকবে এই উৎসবে।
Tags :

সর্বশেষ