চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ড শিল্প-কারখানার অবৈধ পার্কিং, সড়ক দূর্ঘটনায় ঝরছে প্রাণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় রয়েল সিমেন্ট কারখানা, কেএসআরএম স্টিল মিল, পিএইচপি, কেডিএসসহ বিভিন্ন কারখানার লরী, ট্রাক মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিং করার প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। দীর্ঘ দিন ধরে অবৈধ পার্কিংয়ের কারণ জনসাধারণের চলাচলের দূর্ভোগ সৃষ্টি এবং প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অকালে ঝরছে অনেক প্রাণ। এসব বন্ধের প্রতিবাদেই মহাসড়কে মানববন্ধন করে প্রতিবাদ জানায় কুমিরা ও সোনাইছড়ি ইউনিয়নের ছাত্র সমাজ এবং স্কুল-কলেজ শিক্ষার্থীরা।

 

সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল গেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় ও কুমিরা আবাসিক গার্লস স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেয়। এসময় মহাসড়ক অবরোধ করায় মহাসড়কের উভয়মুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

মানববন্ধনে উপস্থিত আয়োজকরা বলেন, কুমিরা ইউনিয়নের রয়েল গেইট এলাকায় কেএসআরএম ও রয়েল সিমেন্ট কারখানার শত শত লরী, ট্রাক সড়কের পাশে দাঁড় করিয়ে রাখার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে।

 

স্কুলের শিক্ষার্থীরা আসা-যাওয়ার পথে চরম দূর্ভোগের সৃষ্টি হয়। কারখানার মালিকরা নিজেদের জায়গায় ফুলের বাগান তৈরী করে রেখে সড়কের উপর তাদের গাড়ীগুলো পার্কিং করে রাখার কারণে তীব্র যানজট এবং দুর্ঘটনা লেগে আছে। প্রায় সড়ক দুর্ঘটনায় স্কুলের শিক্ষার্থী আহত, নিহত হচ্ছে। অথচ সড়ক ও জনপথ এবং প্রশাসনের কোন ভূমিকা দেখা যাচ্ছে না। অবিলম্বে সড়কের পাশ থেকে অবৈধ গাড়ী পার্কিং উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ মুক্ত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মোঃ খোরশেদ আলম, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী জাহেদ ইমাম, মঞ্জু, সালাউদ্দিন এবং ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সবুজ, সাজ্জাদ হোসেন, নাজিম, নোমান।

Tags :

সর্বশেষ