চট্টগ্রাম বুলেটিন

রামিসার পরিবারের পাশে ব্যারিস্টার সাকিলা ফারজানা, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা

শিশু রামিশাকে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। বৃহস্পতিবার বিকেলে তিনি রাজধানীতে শোকাহত পরিবারের বাসায় যান। সেখানে তিনি কান্নায় ভেঙে পড়া মা-বাবা ও স্বজনদের গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই বর্বর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার জোরালো আশ্বাস দেন।

শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে ফেরার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ও কঠোর বার্তা দেন এই সংসদ সদস্য। তিনি সমাজে চলমান চরম অবক্ষয়, সহিংসতা ও নিষ্ঠুরতার পেছনে মূল কারণ হিসেবে মাদককে দায়ী করে একটি সামাজিক প্রতিরোধের ডাক দিয়েছেন।

ব্যারিস্টার শাকিলা ফারজানা তাঁর বার্তায় লিখেন,  “রাষ্ট্রকে বাঁচাতে হলে প্রথম যুদ্ধটা হোক মাদকের বিরুদ্ধে। কারণ মাদকমুক্ত রাষ্ট্রই পারে নিষ্ঠুরতা, সহিংসতা ও অমানবিকতার শেকল ভাঙতে।”

তিনি আরও উল্লেখ করেন, মাদক কীভাবে মানুষের বিবেককে ধ্বংস করে সমাজকে পঙ্গু করে দিচ্ছে। “সবার আগে এই দেশকে মাদকের অন্ধকার থাবা থেকে মুক্ত করতে হবে। কারণ যে বিষ মানুষের বিবেককে ধ্বংস করে, সেই বিষই জন্ম দেয় নরপিশাচের নির্মমতা। মাদক যখন সমাজের শিকড়ে গেঁড়ে বসে, তখন মানবতা রক্তাক্ত হয়, সমাজ হয়ে ওঠে নিষ্ঠুর ও বিবেকহীন,” বলেন তিনি।

ভবিষ্যতে আর কোনো শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয়, সে জন্য সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, “আমরা আর কোনো রামিশাকে নরপিশাচদের হাতে এভাবে বলি হতে দেখতে চাই না। তাই আসুন, সমাজের সকল স্তরের মানুষ একসাথে মাদকের বিরুদ্ধে এবং এসব নরপিশাচদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলি।”

একটি নিরাপদ ও সুস্থ সমাজ বিনির্মাণে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার সময় উল্লেখ করে তিনি তাঁর বার্তা শেষ করেন এই বলে— “একটি নিরাপদ, মানবিক ও সুস্থ সমাজ গড়তে এখনই সময় সচেতনতা, প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচার (Swift Justice) নিশ্চিত করার।”

Tags :

সর্বশেষ