চট্টগ্রাম বুলেটিন

জলাবদ্ধতা ও দুর্যোগ মোকাবিলায় পাটের ব্যবহারে ফেরার বিকল্প নেই: এমপি সাঈদ আল নোমান

সারাদেশে তীব্র জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্লাস্টিক বর্জন করে সোনালী আঁশ পাটের ব্যবহারে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেছেন, “সারাদেশে যে জলাবদ্ধতা হচ্ছে, তার অন্যতম প্রধান কারণ প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার। প্রতিদিন লক্ষ লক্ষ টন প্লাস্টিক ও আইনগভাবে ব্যবহার নিষিদ্ধ পলিথিন ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে। আমরা যদি আমাদের অভ্যাস পরিবর্তন করে পাটের তৈরি পণ্য ব্যবহার শুরু করি, তবে শুধু পরিবেশই বাঁচবে না, জলাবদ্ধতা থেকেও মুক্তি মিলবে।”

গত ২০ মে (বুধবার) বেলা তিনটায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বন্ধ পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু, পাটখাতের পুনর্জাগরণ, আধুনিকায়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘জাতীয়তাবাদী পাট শ্রমিক দল’ এই সেমিনারের আয়োজন করে।

সাঈদ আল নোমান প্লাস্টিকের ভয়াবহতা উল্লেখ করে বলেন, “প্লাস্টিকের ক্ষতিকর উপাদান ও গন্ধ পানিতে মিশে যাচ্ছে, এমনকি সমুদ্রের মাছেও মাইক্রো-প্লাস্টিক পাওয়া যাচ্ছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সংকটের সমাধানে পাট শিল্পে আমাদের আবারো বিপ্লব ঘটাতে হবে। কারণ পাট কেবল একটি পণ্য নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।”

জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আল নোমানের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, বিলস এর নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিদওয়ানুল হক।

এছাড়াও আলোচনায় অংশ নেন জেনেক্স হেলথ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মুনিয়া আমিন, বাংলাদেশ বায়োটেক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. সওগাতুল ইসলাম, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, বিলস-এর পরিচালক কোহিনুর মাহমুদ, পাটকল রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. কুদরত-ই-খুদা, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক নুরুল আমিন, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি স ম জামাল উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সেমিনারে বক্তারা অবিলম্বে বন্ধ পাটকলগুলো রাষ্ট্রীয় উদ্যোগে চালু করা এবং পাট শিল্পের আধুনিকায়নের মাধ্যমে শ্রমিকদের টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।

 

Tags :

সর্বশেষ