চাঁপাইনবাবগঞ্জঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার বৈধ না হওয়ায় দেশের ন্যায্য অধিকার আদায় করতে ব্যর্থ হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানিবণ্টন ও ফারাক্কা ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করা হবে; দাদাগিরির জায়গা থাকবে না।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রতিটি দেশই নিজের স্বার্থ রক্ষা করে—এটা স্বাভাবিক। কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে একটি দেশ তার যৌক্তিক অধিকার আদায় করতে পারে না। বিএনপি সরকার গঠন করতে পারলে পদ্মা-তিস্তার ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা পর্যায়ের গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। এ সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলাভিত্তিক সমাবেশ শেষে আজ জেলা পর্যায়ে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।
এ আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।