চট্টগ্রাম বুলেটিন

বিজয় দিবসে আগে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

সলিমপুরে বিএনপির রাজনৈতিক কর্মসূচী স্থগিত

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে আগে ফুল দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষ বাড়িঘর ভাঙচুর করেছে। এতে অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। এদিকে সলিমপুর ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ সংগঠনে সব কমিটি বাতিল করেছে বিএনপি। এমনকি সেখানে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফৌজদারহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে শহিদ মিনারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কয়েকজন হলেন, তারেক, মামুন ইদ্রিস, সাহেদ, সিরাজ, মেহেদী, রাশেদ ও ফাহিম। এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন। সংঘর্ষ চলাকালে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক জাহেদ উল হাসানের মধ্যে দ্বন্দ্ব থেকে এই সংঘর্ষের সূত্রপাত। দুইজনের আধিপত্যকে ঘিরে প্রথমে শহীদ মিনারে পরে বাড়িঘরে হামলা হয়। নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্বিকবিদিক ছুটতে থাকে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি দুইজনের দ্বন্দ্ব থেকে সংঘাত সৃষ্টি হলেও বিজয় দিবসে আগে ফুল দেওয়া ও ভাত নিয়ে মারামারি শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে না গেলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ছিল।

সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন অভিযোগ করে বলেন, ‘জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আমরা ফৌজদারহাট কে এম হাইস্কুলে যায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মোরসালিন, জাহেদ ও রোকন মেম্বার। একটু পরে রোকন মেম্বারের নেতৃত্বে আমাদের সমাবেশে অতর্কিতে হামলা চালানো হয়। এরপর জাহেদ ও রোকনের লোকজন আমার বাড়িঘর ভাঙচুর করে। আমাদের বাড়িতে চার ভাইয়ের ১০০ ভরির মতো স্বর্ণালংকার লুট করে তারা। আমরা ছয় ভাই একসঙ্গে বসবাস করি ওই বাড়িতে। আমার সঙ্গে থাকা অনেকে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন।’

অপরদিকে সলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ উল হাসান পাল্টা অভিযোগ করে বলেন, ‘বেলা ১টার দিকে কেএম স্কুল মাঠে বক্তৃতা দিচ্ছিলাম। তখন মহিউদ্দিনের লোকজন মিছিল নিয়ে আসেন। তারা স্লোগান দিয়ে পাথর ছুড়তে থাকেন। আমার ঘাড়ে পাথর এসে পড়ে। সেখান থেকে আমি চলে যাই। পরে ধাওয়া-পাল্টাধাওয়া হয় বলে জানতে পারি। বেলা ৩টার দিকে মহিউদ্দিনের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার লোকদের মহিউদ্দিনের ভাই মারধর করেন এবং গাড়ি ভাঙচুর করেন।’

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ফুল দেওয়াকে কেন্দ্র করে ফৌজদারহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জেরে তারা উভয়ে বাড়িঘরে হামলা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে ৭-৮ জন আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গতকাল সন্ধ্যায় উপজেলা বিএনপির আভ্যায়ক ডাক্তার কমল কদর সচিব মোঃ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর নির্দেশনায় সলিমপুর ইউনিয়ন বিএনপি এবং বিএনপির ১১টি অঙ্গ সংগঠনের সকল কমিটি বিলুপ্ত করা হলো। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক শৃঙ্খলা নষ্টের অভিযোগে এসব কমিটি বাতিল করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দিয়া পর্যন্ত সলিমপুর ইউনিয়নে বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে ১১ টি অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক বা আহবায়ক-সদস্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আসলাম চৌধুরীর পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

Tags :

সর্বশেষ