চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শ্রমিকদল নেতাকে মুঠোফোনে ডেকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন শ্রমিকদলের নেতা মীর আরমান হোসাইনকে (৪০) মুঠোফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

পুলিশের ধারণা অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। প্রকৃত হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ  কাজ করছে বলে জানা গেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শ্রমিকদলের নেতা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান সলিমপুর ইউনিয়নের মৃত মোতাহের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিলেন মীর আরমান হোসাইন। এ সময় তার মুঠোফোনে একটি কল আসলে তিনি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তিনি বাঁচাও বাঁচাও করে চিকিৎকার করতে থাকেন। ওই সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়েছে। মুমূর্ষবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। তার আত্নীয় স্বজনরাও মেডিকেলে অবস্থান করছেন বলে জানা গেছে।

 

ছিন্নমূল এলাকার বাসিন্দা ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি নয়ন বলেন, কারা খুন করছে তা এখনো জানিনা। কিন্তু তার মুঠোফোনে যে কল দিয়েছে তাকে চিহ্নিত করলে সব তথ্য বেরিয়ে আসবে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় মীর আরমান হোসাইন নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি জানার পরে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করাতে কাজ করছি। প্রকৃত ঘটনা উৎঘাটনে পুলিশের টীম কাজ করছে বলে জানান তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, শ্রমিক দলের নেতা আরমানকে কুপিয়ে হত্যার খবরের সত্যতা পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এখনো সীতাকুণ্ড থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে।

এদিকে বিএনপির চেয়ারর্পারসনের উপদেষ্টা আসলাম চৌধূরী সীতাকুণ্ড শ্রমিকদল নেতা আরমান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ হত্যাকারীদের বিচারের দাবি জানান।

Tags :

সর্বশেষ