চট্টগ্রাম বুলেটিন

হাবিব গ্রুপের চেয়ারম্যান-এমডির জেল ও ২০ কোটি টাকা জরিমানা

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র দায়ের করা চেক ডিজঅনার মামলায় চট্টগ্রামকেন্দ্রিক শীর্ষ শিল্প গ্রুপ হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাবিব স্টীল লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী (৭১) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন আলীকে (৬১)  এক বছরের সশ্রম কারাদণ্ড এবং বিশ কোটি টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মুহাম্মদ আবু আমর এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন এবং বর্তমানে তারা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, হাবিব স্টীলস লিমিটেড মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ঋণ গ্রহণ করে। ঋণ পরিশোধের জন্য আসামিরা ন্যাশনাল ব্যাংক লিমিটেড, জুবিলী রোড শাখা থেকে হাবিব স্টীলস লিমিটেডের নামে বিশ কোটি টাকার একটি অ্যাকাউন্ট পে চেক ৩ সেপ্টেম্বর ২০২৩) প্রদান করেন।

কিন্তু ৪ সেপ্টেম্বর ২০২৩ চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ‘অপর্যাপ্ত তহবিল’ মন্তব্যসহ তা ডিজঅনার হয়। এরপর ৫ সেপ্টেম্বর ২০২৩ আসামিদের বরাবর রেজিস্ট্রার্ড ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়, যা ৭ সেপ্টেম্বর ২০২৩ তারা গ্রহণ করেন। তবুও অর্থ পরিশোধ না করায় ১৭ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতে মামলাটি দায়ের করা হয়।

পরবর্তীতে বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি যুগ্ম মহানগর দায়রা জজ চতুর্থ আদালতে স্থানান্তর করা হয়। অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণ, আসামি পরীক্ষা ও যুক্তিতর্ক শেষে আদালত রায় প্রদান করেন।

রায়ে আসামিদের ডিজঅনারকৃত বিশ কোটি টাকা অর্থদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।

মার্কেন্টাইল ব্যাংকের আইনজীবী নুসরাত আরা হীরা জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু আসামিরা আদালতে হাজির হননি। এর পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে মামলাটি চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে আসে। ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য এবং যুক্তিতর্কের পর আদালত দুই আসামিকে সাজা দিয়ে রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, আসামিরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দিয়ে প্রতারণামূলকভাবে ডিজঅনারকৃত চেক ইস্যু করেন। মামলার শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে বিশ কোটি টাকা অর্থদণ্ড এবং এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। এ রায় ঋণখেলাপি ও প্রতারকদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

উল্লেখ্য, দেশের বেসরকারি খাতের আলোচিত বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজসহ ২১টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের। এসব প্রতিষ্ঠানের বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে আত্মসাত ও পাচারের অভিযোগ আছে এ শিল্পগ্রুপের বিরুদ্ধে।

করোনাকালে হাবিব গ্রুপের ব্যবসায় লোকসান শুরু হয়। গণমাধ্যমের তথ্যানুযায়ী, এর মধ্যেই বিভিন্ন ব্যাংকের পাওনা পরিশোধ না করে বিদেশে পালিয়ে যান এ দুই শিল্পপতি ভাই।

Tags :

সর্বশেষ