শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়।
সোমবার (২৫ নভেম্বর) বিকালে নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
অভিযানের নেতৃত্ব দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করি। পশ্চিম খুলশির ১ নম্বর রোডের রোজ ভ্যালির হাছান টাওয়ার-১-এ গাড়িটি পাওয়া যায়।’
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মো. ওসমান গনি নামে এক ব্যক্তি মেঘনা সিডস ক্রাসিং লিমিটেড থেকে দেড় কোটি টাকায় গাড়িটি কিনেছেন। তার কাছ থেকে গাড়িটি ক্রয় করেছেন মো. পারভেজ উদ্দিন। গাড়িটির গায়ে নিশান পেট্রোল লেখা থাকলেও চেসিস নম্বর দিয়ে ওয়েবসাইটে সার্চ করে নিশান সাফারি পাওয়া যায়।’-বলেন বিল্লাল হোসেন। তার ধারণা, গাড়িটিতে ৮২৭ শতাংশ অর্থাৎ আনুমানিক ১০ কোটি টাকা শুষ্ক-কর ফাঁকি দেওয়া হয়েছে।