চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ১১ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে নগরের কোতোয়ালি থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আজ রবিবার রাত সাড়ে আটটায় তাদেরকে আদালতে তোলা হয়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তারা সবাই মামলাটির এজাহারনামীয় আসামি। এরা হলেন, প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০), দেবী চরণ (৩৬)।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, রাতে কোতোয়ালি থানার থেকে কড়া নিরাপত্তায় ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। তারা সবাই এজাহারনামীয় আসামি। তাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে তোলা হয়। এসময় আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম আসামিদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে আলিফ হত্যা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে পাঠিয়েছেন।