ইসকন সম্পৃক্ততা ও দেশবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে শ্যামল দত্তের ঘনিষ্ঠ সহযোগী সৌমিত্র চক্রবর্তী যখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে, ঠিক সে সময় তাকে সঙ্গে নিয়ে সীতাকুণ্ডের প্রশাসনিক দুই শীর্ষ কর্মকর্তা চন্দ্রনাথ পাহাড় পরিদর্শনে যান। তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সৌমিত্রকে পাশে বসিয়ে তারা বক্তব্য দেন এবং ফটোসেশন করেন। পরবর্তীতে ওই ছবিগুলো উপজেলা প্রশাসনের অফিসিয়াল আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন ইউএনও নিজেই। এই ঘটনায় প্রশাসনের উদ্দেশ্য ও অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে স্থানীয়ভাবে।
গত ১১ আগস্ট দেশের শীর্ষ গণমাধ্যমে সীতাকুণ্ডের তিন ব্যক্তি কৃষ্ণ চন্দ্র দাস, সৌমিত্র চক্রবর্তী ও লিটন কুমার চৌধুরীর বিরুদ্ধে ইসকন সম্পৃক্ততা ও দেশবিরোধী গুজব ছড়ানোর অভিযোগের খবর প্রকাশিত হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্ররা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।
প্রকাশিত সংবাদের মাত্র পাঁচ দিন পরই অভিযুক্ত সৌমিত্র চক্রবর্তীর সাথে ইউএনও ও ওসির চন্দ্রনাথ পাহাড় পরিদর্শনে যাওয়া স্থানীয়ভাবে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সচেতন মহল প্রশ্ন তুলছে এমন গুরুতর অভিযোগ ওঠার পরও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা কীভাবে অভিযুক্ত একজন ব্যক্তির সাথে প্রকাশ্যে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে পারেন।
স্থানীয় নাগরিকদের অভিযোগ, এ ধরনের আচরণ প্রশাসনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। তারা মনে করছেন, তদন্তের আগেই অভিযুক্তদের সঙ্গে এমন সম্পর্ক স্থাপন ভুল বার্তা দিচ্ছে এবং এতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
সচেতন মহল বলছে, ইসকন সম্পৃক্ততা ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল বিষয়। প্রশাসন যদি নিরপেক্ষ তদন্তের আগে এমন পদক্ষেপ নেয়, তবে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং প্রশাসনের প্রতি আস্থা কমে যাবে।
জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, আমি এসব বিষয়ে কিচ্ছু জানিনা।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম জানান, কারো যদি ইসকন সম্পৃক্ততা থাকে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। দেশ বিরোধী অপতৎপরতা আমরা মানব না। ইসকন সীতাকুণ্ডকে অশান্ত করছে সেই ইসকনকে নিয়ে আপনি চন্দ্রনাথ চূড়ায় কেন এমন প্রশ্নে ইউএনও জানান, আমার সাথে সৌমিত্র চক্রবর্তী চন্দ্রনাথ ধামে গিয়েছে স্রাইন কমিটির লোক হিসেবে৷