চট্টগ্রাম বুলেটিন

একটি বিশেষ দলের ইন্ধনে জঙ্গল ছলিমপুরের ঘটনায় আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: রোকন মেম্বার

চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর ঘিরে একটি অডিও কল রেকর্ড ব্যাপক ভাইরাল হয়েছে। ওই কল রেকর্ডিং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন প্রকাশ রোকন মেম্বারকে ৬০ লাখ টাকার অস্ত্র কেনার কথা বলতে শোনা যায়। জঙ্গল সলিমপুরে কোন ঘটনা ঘটলেই সেই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ওঠে।

সর্বশেষ গত সোমবার জঙ্গল সলিমপুরে র্যাব অফিসার (উপ-পরিচালক) আব্দুল মোতালেব হত্যার পরও একই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এবার সংবাদ সম্মেলন করে ওই অডিও রেকর্ডিংয়ের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রোকন উদ্দিন মেম্বার।

গতকাল নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই অডিও রেকর্ডিং এর সঙ্গে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। একটি এডিটিং অডিও’র সাথে আমার কন্ঠকে মিলিয়ে সেটি তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

এ সময় তিনি আরো বলেন, জঙ্গল সলিমপুরে বিএনপির কার্যালয় উদ্বোধন সম্পর্কে আমি কিছুই জানিনা, এমনকি আমার দলও কিছু জানে না। আমাদের নেতা লায়ন আসলাম চৌধুরী সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল পূর্ব পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়েছে। সেখানকার বিএনপি নেতাদের অনেক আগেই মারধর করে বের করে দেয়া হয়েছে, তারা সেই এলাকায় নেই। যারা এসব করছে তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তিনি আরো বলেন একটি বিশেষ দলের ইন্ধনে আমার সুনামকে ক্ষুন্ন করেত এসব কিছু করা হচ্ছে। এছাড়াও আওয়ামী দোসর কথিত সাংবাদিক সেকান্দর হোসাইন এসবের সঙ্গে জড়িত রয়েছে। তিনি আমার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করতে আওয়ামী লীগ ও একটি বিশেষ দলের সঙ্গে মিলেমিশে টানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি তার কাছে অনুরোধ করবো প্রপাগান্ডা না ছড়িয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন।

এ সময় তিনি বলেন, প্রথম সারির গণমাধ্যম ঘটনাটি বস্তুুনিষ্ঠতার সাথে তুলে ধরেছে। প্রশাসনও বুঝতে পেরেছে জঙ্গল সলিমপুরের ঘটনায় কোন রাজনৈতিক ছত্রছায়া নেই। জঙ্গল সলিমপুরে যে পরিস্থিতি আগামী নির্বাচনে সেখানকার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা সেটি নিয়েও আমার আশঙ্কা রয়েছে। এসময় তিনি পিনাকী ভট্টাচার্যের সলিমপুর ইস্যুতে পোস্ট করার বিষয়ে বলেন, এ ঘটনায় তাকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করা হয়েছে অথবা তিনি একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন।

Tags :

সর্বশেষ