তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। শুক্রবার (১৩ মার্চ) বগুড়ার একটি কনভেনশন সেন্টারে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, রাষ্ট্র কতটা জনগণের কল্যাণে কাজ করছে, তা তুলে ধরতে এবং নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গণমাধ্যমের স্বাধীনতা কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, আধুনিক সমাজে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। গণমাধ্যম ছাড়া সভ্যতার অগ্রযাত্রা কল্পনা করা যায় না। রাষ্ট্র ও সমাজে জবাবদিহি প্রতিষ্ঠার জন্য তিনি গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সরকারের বিভিন্ন নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম–মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং কৃষিঋণ মওকুফসহ প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং বগুড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।