নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে কুপিয়ে গুরুতর জখমের পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আওয়ামী লীগ নেতার নাম নুরুল ইসলাম তালুকদার (৭০)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সরফভাটা মীরেরখীল বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এসময় হঠাৎ একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং কুপিয়ে জখম করে চলে যায়।
দীর্ঘ সময় ধরে আহত আওয়ামী লীগ নেতার কাছে কেউ যায়নি। প্রায় আধা ঘণ্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ ওঠেছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।