চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীরর দুই নম্বর গেইটের চশমা হিলে অবস্থিত পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক কথিত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অভিযান চালিয়েছে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ। অভিযানে ছাত্রলীগ ও যুবলীগ সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুর থেকে আধা ঘন্টাব্যাপী নওফেলের চশমা হিলের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি। তারা পুলিশের কাছে নিজেদেরকে কর্মচারী বলে পরিচয় দিয়েছে।
জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, আমরা অভিযোগ পেয়েছি ১৩ নভেম্বর ঘিরে বাইরে থেকে এখানে প্রচুর লোক এসেছে এবং তাদের খাবার আনা হচ্ছে। আমরা বাড়ির মালিক পক্ষের কাউকে পাইনি। তবে সাতজনকে গ্রেপ্তার করেছি। তারা কোন নাশকতায় জড়িত কিনা বা ছাত্রলীগ, যুবলীগের কিনা সেটি খতিয়ে দেখা হবে।