চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে বিএনপির সমাবেশে কিশোরের মৃত্যু, অসুস্থ ২

চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে মিছিলের ভিডিও ধারণ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে সাইদুল ইসলাম চিশতী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দু’জন অসুস্থ হয়ে পড়লে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার  দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম চিশতী নগরের এনায়েত বাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা বাবু যুবদলের সাবেক কর্মী এবং নগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের মিছিল চলাকালে ভিডিও ধারণ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাইদুল ইসলাম চিশতী। পরে তাকে দ্রুত নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোনা মানিক জানান, রেডিসন ব্লু’র সামনে থেকে মিছিল শুরু হয়ে হল২৪ কনভেনশনের সামনে পৌঁছালে চিশতী ভিডিও করছিল। এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কয়েকজন মিলে তাকে দ্রুত ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান।

এদিকে সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের চাপে আরও দু’জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার বাসিন্দা আব্দুস মাবুদ চেরাংগের বাড়ির করিমের ছেলে রাকিব (২৫)। অপরজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ চলাকালে অতিরিক্ত ভিড়ের চাপে দু’জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

Tags :

সর্বশেষ