ভোরে আলো ফোটার আগে নগরীর উত্তর কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে মানুষের পদচারণায়৷ কেউ ফুল, কেউ ব্যানার হাতে হৃদয়ের গভীর শ্রদ্ধা নিয়ে হাজির হন স্বাধীনতার দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে। এসময় সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ২৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর পর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এবং রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ।
বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণটি সর্বস্তরের মানুষের সংখ্যা বাড়তে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি অনুষ্ঠানস্থলকে সমৃদ্ধ করে তোলে।
এদিন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নগর পুলিশ। পাশাপাশি পুরো এলাকায় বর্ণিল সাজে সাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।