একাত্তরের পুরোনো বাঁশি আর বাজাবেন না: বাবু কৃষ্ণ দাশ
চট্টগ্রামের আন্দরকিল্লায় জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ পরিষদ মহানগর শাখার সভাপতি বাবু কৃষ্ণ দাশ বলেছেন, জামায়াতের হাতে হিন্দুরা নিরাপদ। বাংলাদেশের হিন্দুদের জায়গা-জমি কারা দখলে রেখেছে আপনারা ভালো করে জানেন, ৫ আগস্টের পর যতো খুন-খারাবি দেশে হয়েছে সেটা কোন দল করেছে তাও জনগণ জানে। একাত্তরের বাঁশি আর বাজাবেন না, সেই বাঁশি আর চলে না।
বৃহস্পতিবার বিকালে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতের প্রার্থী ডা. ফজলুল হক নির্বাচনী প্রচার শুরুর আগে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমার বাড়ি চট্টগ্রামে, আমি শহরের স্থায়ী বাসিন্দা। আমার কাছে জামায়াতকে ভালো লাগে। তাদের নিয়ম নীতিগুলো আমার ভালো লাগে। আমি জামায়াতের প্রার্থীকেও পছন্দ করি। আমি মনে করি জামায়াত জয় পেলে আমরা সুরক্ষিত। জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন করে, সেখানেও আমাদের অধিকারের কথা আছে। বিধর্মীদের অধিকার হরণ করতে ইসলাম বলেনি। তারা সেটা মানে। ইসলামে আছে, বিধর্মীকে হেফাজত করিবে, তাদের জান-মাল রক্ষা করিবে।
তিনি আরও বলেন, জামায়াত আমাদের কাছ থেকে কিছু নেওয়া মতো নাই। তাদের শিক্ষা, চিকিৎসাসহ অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান আছে। তাই তাদেরকে রাজাকার বলে দমিয়ে রাখা যাবেনা, এগুলো বললে বিফলে যাবে। একাত্তরের সেই বাঁশি আর বাজাবেন না। আমি জামায়াতকে ভোট দেব দাঁড়িপাল্লায়। আপনারাও দিন। আমি বিশ্বাস করি আমাদের দাবিগুলো নিয়ে জামায়াত কাজ করবে। আমরা তাদের হাতে নিরাপদ বলেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।