চট্টগ্রাম বুলেটিন

জুলাই সনদ বাস্তবায়ন ও খুনি হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রামে লাঠি মিছিল

জুলাই সনদ বাস্তবায়ন ও খুনি হাসিনার ফাঁসির দাবিতে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য চট্টগ্রাম। মঙ্গলবার বিকালে নগরীর বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে ২ নম্বর গেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচিতে জুলাই ওয়ারিয়র্স, পুনাব চট্টগ্রাম জোন, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুসাব, এন্টি রেইপ ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশের তরুণ সমাজ আজ রাজপথে। তারা সতর্ক করে বলেন, “জুলাই সনদ বানচালের কোনো অপচেষ্টা কিংবা পতিত খুনি হাসিনার দোসরদের দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হলে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী ও জুলাই ঐক্য ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।”

জুলাই ঐক্য চট্টগ্রামের অন্যতম সংগঠক আবরার হাসান রিয়াদ সমাবেশে বলেন, “আমরা দেখেছি পতিত স্বৈরাচার খুনি হাসিনার দোসররা ভারতে বসে ষড়যন্ত্রের নীলনকশা করছে। জুলাই বিপ্লবে আমরা এই লাঠি দিয়েই মুরাদপুর ও ২নং গেইটে সন্ত্রাসীদের প্রতিহত করেছি। আবারও যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সাধারণ ছাত্র-জনতা বসে থাকবে না।”

তিনি আরও বলেন, “ইন্টেরিম গভর্নমেন্ট জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে। আমরা কোনো রাজনৈতিক দলের দিকে তাকিয়ে না থেকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”

সমাবেশে বক্তারা খুনি হাসিনার ফাঁসির দাবি পুনর্ব্যক্ত করেন এবং যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে জুলাই ঐক্য চট্টগ্রাম রাজপথে থাকবে বলে ঘোষণা দেন।

Tags :

সর্বশেষ