নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে অস্বস্তিকর চিত্রের মুখোমুখি হলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হলেও সকাল ৯টা পর্যন্ত অফিস তালাবদ্ধ দেখতে পান তিনি।
বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) নাসিকের ৫ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে পৌঁছান প্রতিমন্ত্রী। কিন্তু সরকারি অফিস শুরু হওয়ার সময় ঘনিয়ে এলেও সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল না। মূল ফটকে তালা ঝুলতে দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন।
সূত্র জানায়, প্রায় আধাঘণ্টা অপেক্ষার পর একজন কর্মচারী এসে কার্যালয়ের তালা খুলে দেন। এরপর প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করলেও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাউকে তখনও পাওয়া যায়নি।
এ ঘটনায় সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে প্রতিমন্ত্রী অফিসে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।