বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–২০২ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার অল্প সময় আগে বাংলাদেশের মাটি ছুঁয়েছে। এদিন বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড সম্পন্ন করবে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন—“অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!”
তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। একই অনুভূতি প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে অনুরূপ একটি পোস্ট দেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বাবার সঙ্গে দেশে ফেরার মুহূর্তটি তিনিও আবেগঘন বার্তায় তুলে ধরেন।
উল্লেখ্য, এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।