চট্টগ্রাম বুলেটিন

নগরে ঝুঁকিপূর্ণ ভবন ১০৩টি, উচ্ছেদে চসিকের কমিটি

বন্দরনগরী চট্টগ্রামে অসংখ্য ঝুঁকিপূর্ণ ভবন থাকলেও সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে এবার চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে নগরে ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। আর এসব ভবন দ্রুত অপসারণ এবং অতিরিক্ত আরও ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

চসিকের আইন কর্মকর্তাকে আহবায়ক করে ৫ সদস্যের এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেটকে সদস্যসচিব এবং সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সদস্য করা হয়েছে। কমিটি চিহ্নিত ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

গতকাল সোমবার চট্টগ্রাম শহরে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি ও ক্ষতি কমাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সভায় এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ। তিনি জানান, ভূমিকম্পে ভবনের নিরাপত্তা, ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি ব্যবস্থাপনা, নগরবাসীর সচেতনতা বৃদ্ধি এবং জরুরি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়েছে।

সভায় ভূমিকম্প সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলা হয়, জনসচেতনতা বাড়ানো ছাড়া দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। এ লক্ষ্যে চসিক গণবিজ্ঞপ্তি প্রকাশ, ওয়ার্ডভিত্তিক মাইকিং, লিফলেট ও প্রচারপত্র বিতরণ, প্রতিষ্ঠান ও কমিউনিটিতে সচেতনতামূলক সভা, স্বেচ্ছাসেবক দল গঠনসহ একাধিক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিনের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags :

সর্বশেষ