চট্টগ্রামের সন্দ্বীপে বাবার সঙ্গে পূর্বশত্রুতার জেরে ৬ বছরের এক শিশুকে আছাড় মেরে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আলী হোসেন (৬)। তিনি স্থানীয় বাশারুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মগধরা গ্রামের আবু তাহেরের ছেলে।
গ্রেপ্তার ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪৫), তিনি একই গ্রামের বাসিন্দা।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল ইসলাম জানান, শিশুটির বাবা আবু তাহেরের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীরের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই শত্রুতার জেরে বুধবার সকালে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে আলী হোসেনকে একা পেয়ে জাহাঙ্গীর মাথার ওপর তুলে আছাড় মারেন। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায় এবং নাক-মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
পরে পরিবার তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সন্দ্বীপ থেকে স্পিডবোটে চট্টগ্রাম আনার পথে সাগরেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। এ সময় তিনি হত্যার দায় স্বীকার করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।