বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার নিরপরাধ মানুষকে আয়না ঘরে নিয়ে বছরের পর বছর বন্দী রেখে সীমাহীন জুলুম নির্যাতন করেছে। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে নিরপরাধ হাজার মানুষকে কারাগারে বন্দি রেখেছে। স্বৈরাচার হাসিনার আমলে কোন আলেম তার হক কথা বলতে পারেননি, কোন হুজুর তার সঠিক নসীয়ত দিতে পারেননি। কোন শিক্ষক তার সুশিক্ষা দিতে পারেননি। কোন মানুষ সত্য কথা বলতে পারেননি। কোন ইমাম সাহেব তার সঠিক খুতবা দিতে পারেননি। কোন মুসলমান তার আদর্শের কথা পর্যন্ত বলতে পারেননি। কারণ তারা ছিল এক ফ্যাসিস্ট সরকার।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন জামাতের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আনোয়ার সিদ্দিকী চৌধুরী আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের জন্য এক গজব নিয়ে এসেছিল। তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে গ্রামের গ্রাম পুলিশ পর্যন্ত দলীয়করণ করেছে। এই আওয়ামী লীগ রন্ধে রন্ধে স্বজন প্রীতি করেছে। শুধু তাই নয় তারা শোষণ করেছে, নির্যাতন করেছে, হামলা করেছে, মামলা করেছে, জেলে দিয়েছে, সীমাহীন অত্যাচার করেছে। আমরা আজও তাদের সেই আয়না ঘরের কথা ভুলতে পারিনি।
জেলা জামায়াতের এই নেতা বলেন, আমরা দেখতে পেয়েছি তারা আয়নাঘরের নাম দিয়ে নিরপরাধ, সাধারণ মানুষকে বছরের পর বছর জুলুম করেছে। হাসিনার ঈমান সমালোচনা করলেও ১০ বছরের সাজা দেয়া হয়েছে। ফেসবুক স্ট্যাটাস কে ঘিরে গ্রেপ্তার করা হয়েছে ছেলেকে। স্বৈরাচারের রক্তচক্ষু কোন প্রতিবাদী মানুষকে ছাড়েনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নাম দিয়ে সমস্ত ব্যাংকগুলোকে লুটপাট করেছে। দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছে। যুব সমাজকে শিক্ষার নাম দিয়ে তাদের আব্বাজান আর আম্মাজানের শিক্ষা দিয়েছে। শিক্ষা ব্যবস্থার নামে তারা আলু ভর্তা বানানো শিখিয়েছে।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী আরো বলেন, স্বৈরাচার হাসিনা বলেছিল ইসলামী নিষিদ্ধ। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে নিষিদ্ধ করেছে। এসময় তিনি ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান নেতা কর্মীদের।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার।
মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উত্তর জেলা শিবিরের সভাপতি সাজিদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশ্রাফুর রহমান, মু. কুতুব উদ্দিন শিবলী।