চট্টগ্রাম বুলেটিন

বিএনপি’র মনোনয়নের চূড়ান্ত চিঠি পেলেন লায়ন আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ আসনে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দলীয় মনোনয়নের চিঠি উঠল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর হাতে। গতকাল ২৪ ডিসেম্বর দলের হাইকমান্ড তার হাতে চিঠি  পৌঁছে দেয়। এসময় কয়েকজন নেতাকর্মী চিঠি নিয়ে বিজয়ের চিহ্ন দেখান। এর আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে কয়েক দফায় মনোনয়ন পাল্টে আসলাম চৌধুরীর হাতে এসেছে দাবি করা হলেও কোন সূত্র তা নিশ্চিত করেনি। ফলে এক ধরণের ধোঁয়াশা রয়ে যায় তৃণমূলে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল আসলাম চৌধুরীকে চিঠি তুলে দেওয়ার মধ্য দিয়ে।

এছাড়াও এর মধ্য দিয়ে আসলাম চৌধুরীর ভবিষ্যত বাণীও সত্য হলো। তিনি এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন, শেষ পর্যন্ত কে বিজয়ের হাসি হাসে সেটা দেখার বিষয়। তার আগে অনেকের নাম আসবে, ঘোষণা হবে। আমি মনে করি েএগুলো কোন বিষয় না। শেষ মুহুর্তে দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ আমিই ধানের শীষে নির্বাচন করব।

বিএনপি সূত্র জানায়, চট্টগ্রামের ১৬টি আসনে দুই দফায় ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার চূড়ান্ত মনোনয়নে ১৩ আসনে ঘোষিত প্রার্থী এবং একটি আসনে নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৩ নভেম্বর উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহ উদ্দিনের নাম ঘোষণা করা হয়। কিন্তু গতকাল চূড়ান্ত মনোনয়ন পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম একটি গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে মনোনয়ন দেওয়া হয়েছে। ১৩ আসনে ঘোষিত প্রার্থীরাই চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। কেবল সীতাকুণ্ড আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে।

১৩ আসনের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) নাজমুল মোস্তফা আমিন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

Tags :

সর্বশেষ