বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম-৪ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী লায়ন আসলাম চৌধুরী বলেছেন, বিএনপি পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে৷ এই খাতের শ্রমিকরা অত্যন্ত ঝুঁকির মধ্য দিয়ে অতিরিক্ত কর্মঘন্টায় কাজ করে। অনেক সময় ন্যার্য্য মজুরিও পান না। আমরা শ্রমিকদের সুযোগ-সুবিধা ও এই খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করব৷
শুক্রবার (১৬ জানুয়ারি) সীতাকুণ্ডের ভাটিয়ারী জলিল স্টেশন এলাকায় পরিবহন শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ওই মতবিনিময় সভার আয়োজন করে।
এসময় তিনি বলেন, পরিবহন শ্রমিকদের অনেক ঝুঁকি থাকে৷ তারা জীবনের মায়া ত্যাগ করে পরিবার-পরিজন থেকে দূরে থাকতে হয় দেশের আমদানি-রপ্তানির স্বার্থে৷ সেই অনুযায়ী চাকরীর নিরাপত্তা ও বেতন পান না তারা। এছাড়া পরিবহন খাতে অনেক বিশৃঙ্খলা রয়েছে আমাদের দেশে। বিভিন্ন পক্ষের দ্বারা নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয় তাদের। আমার দল বিএনপি ক্ষমতায় গেলে পরিবহন শ্রমিকদের জন্য কাজ করবে৷ তাদের জীবনমান উন্নয়নে বিশেষভাবে ভূমিকা রাখবে। আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও এ ব্যাপারে আন্তরিক। শ্রমিকদের অধিকার ও ঝুঁকি নিরসন নিয়ে বিএনপি অতিতের মতোই কাজ করে যাবে। এছাড়াও আমার সংসদীয় এলাকায় পরিবহন শ্রমিকদের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগেও নানা সহযোগিতা থাকবে।
সড়ক মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মো: শাহজাহানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: জয়নাল খান লাদেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সড়ক মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস বাহাদুর, সহ- সাধারণ সম্পাদক রফিক ওমর, সাংগঠনিক সম্পাদক মির্জা শামসুদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো: হাসান, সড়ক-মহাসড়ক বিষয়ক সম্পাদক মো: জাবেদ হোসেন, মোতাহার হোসেন মানিক, মো: আলী, মো: জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান, নুরের সাফা, মো: ফয়জুল হক ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।