চট্টগ্রাম বুলেটিন

বিচার ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংসদে সোচ্চার থাকবে এনসিপি: সালেহ উদ্দিন সিফাত

সীতাকুণ্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেছেন, বিচার ও সংস্কার সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এনসিপির সংসদ সদস্যরা সংসদে এ বিষয়ে সোচ্চার থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এনসিপি একটি তরুণ রাজনৈতিক দল হলেও এটি দেশের ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতা বহন করছে। তিনি ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের ফ্যাসিবাদের পতনকে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও বিচার ও সংস্কার এখনো পূর্ণতা পায়নি। ২০২৪ সালের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, বিচারের আগে কোনো ধরনের পুনর্মিলন হতে পারে না। পাশাপাশি সীতাকুণ্ডে মাদক সমস্যার কথা উল্লেখ করে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার হাসনাত তপু বলেন, দেশের সব খাতে সিস্টেম পরিবর্তন জরুরি এবং এজন্য জনগণের সচেতনতা বাড়াতে হবে। তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নের ওপর জোর দিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার ঘাটতির বিষয়টি তুলে ধরেন।

এ সময় জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মো. আসাদ বলেন, এলাকায় এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে এবং তাদের প্রতিরোধে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। অন্যদিকে অন্য বক্তা অ্যাডভোকেট মোস্তফা নূর সীতাকুণ্ডের বাজার ইজারা ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য লটারির মাধ্যমে ইজারা দেওয়ার প্রস্তাব করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি নেতা অ্যাডভোকেট আনোয়ারুল আলম খোকন এবং ও এনসিপি’র সংগঠক সঞ্চালনা করেন ফজলে রাব্বী চৌধুরী। এতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Tags :

সর্বশেষ