মধ্যপ্রাচ্যে চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যে আরও এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জায়েদ। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল দফাদারের ছেলে।
জানা গেছে, মোহাম্মদ জায়েদ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কর্মরত ছিলেন। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে তিনি প্রাণ হারান। তার মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা এখনও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।
এ নিয়ে চলমান এই সংঘাতের প্রেক্ষাপটে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দ্বিতীয় ব্যক্তি হিসেবে কোনো প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটল।
এর আগে গত সোমবার একই উপজেলার আজিমপুর এলাকার বাসিন্দা আবুল মহসিন নিহত হন। তিনি মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের একটি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সংঘটিত হামলায় তার মৃত্যু হয় বলে জানা যায়।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত সন্দ্বীপসহ চট্টগ্রামের বহু প্রবাসীর পরিবার বর্তমানে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।