চট্টগ্রাম বুলেটিন

মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকবে।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীদের। অন্যদিকে, সকাল ১১টায় একই স্থানে শ্রদ্ধা নিবেদন করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ।

উভয় পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, গোয়েন্দা তথ্য ও মিরসরাই থানার ওসির অভিযোগের প্রেক্ষিতে ৫০০ গজের মধ্যে জনগণের জান মালের নিরাপত্তায় এবং সরকারি সম্পত্তি রক্ষায় ১৪৪ ধারা জারি করা হলো। এ সময়ের মধ্যে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও পাঁচজনের অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের ওপর এ আদেশ প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

এর আগে ১৮ মার্চ বিএনপির চট্টগ্রাম জেলা পুনর্গঠন কমিটির সিদ্ধান্তে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ২৪ মার্চ মিরসরাই উপজেলা, বারিয়ারহাট ও মিরসরাই পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। এতে উপজেলা বিএনপির একপক্ষে আনন্দ অন্য পক্ষে ক্ষোভ বিরাজ করে।

উপজেলা বিএনপির কমিটিতে আবদুল আওয়াল চৌধুরীকে আহ্বায়ক ও আজিজুর রহমান চৌধুরীকে সদস্যসচিব মনোনীত করা হয়। ঘোষিত এ কমিটির বিরোধিতা করে ২৫ মার্চ দুপুরে মিরসরাই উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপির একটি অংশ। মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারীদের করা সেই ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, ২৬ মার্চ সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন তাঁরা। সেখানে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা এলে তাদের প্রতিহত করা হবে।

Tags :

সর্বশেষ