চট্টগ্রাম বুলেটিন

লোভ-লালসা, ভীতি দেশনেত্রী খালেদা জিয়াকে স্পর্শ করতে পারেনি: লায়ন আসলাম চৌধুরী

আপোষহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কখনো লোভ, লালসা, ভয় ভীতি, রাজনৈতিক আপোষ কখনো স্পর্শ করতে পারেনি বলে জানিয়েছেন, বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী।

মঙ্গলবার বিকালে গণমাধ্যমে দেওয়া এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন৷ এসময় লায়ন আসলাম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেতৃত্বে এসেছেন৷ তিনি এদেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী। তাকে সকল রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা শ্রদ্ধা করে। তিনি রাজনীতির ঐক্যের প্রতীক। বাংলাদেশের রাজনীতি যতবারই সংকটে পড়েছে ঠিক ততবারই দেশনেত্রী খালেদা জিয়া এগিয়ে এসেছেন। তার নেতৃত্বে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, পথ খুঁজে পেয়েছে প্রিয় বাংলাদেশ।

আসলাম চৌধুরী বলেন, আজ এই মহীয়সী নারী ইহ জগতের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছেন৷ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন তখন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন। তার সততা, দৃঢ়তা, ধৈর্য ও সাহস তরুণ প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে। ১৯৯১ সালে তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়৷ এরপর তিনি ক্ষমতায় আসেন। দেশের সব কান্তিকালে তিনি এগিয়ে এসেছেন। ওয়ান ইলেভেনের সময় তাকে অনেক ভয়-ভীতি, লোভ-লালসা দেখানো হয়েছিল, তাকে দেশত্যাগে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি দেশের মানুষকে ভালবাসেন, দেশের মাটিকে ভালোবাসেন, গণতন্ত্র ও স্বাধীনতাকে ভালোবাসেন। সকল লোভ-লালসার উর্ধে উঠে তিনি দেশের প্রশ্নে ছিলেন আপসহীন। তিনি বলেছেন, এ দেশ, এই দেশের মাটির বাইরে আমার কোন ঠিকানা নেই, এটিই আমার শেষ ঠিকানা।

বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন আসলাম চৌধুরী বলেন, বিগত সতেরো বছর স্বৈরাচার হাসিনা সরকার তাঁকে বহু নির্যাতন করেছে, অনেকবার আপোষের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি গণতন্ত্রের প্রশ্নে, দেশের মানুষের বাক স্বাধীনতার প্রশ্নে, ভোটাধিকারের আপোষহীন ছিলেন, তিনি ধৈর্য সহকারে কঠিন সব পরিস্থিতি মোকাবেলা করেছেন। ফলশ্রুতিতে এই দেশে মুক্ত স্বাধীন পরিবেশে তিনি এক বছর বেঁচেছিলেন এবং তিনি ৫ আগস্ট পরবর্তী নজিরবিহীনভাবে স্বৈরাচারের পালিয়ে যাওয়া ও দেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্রের পুনরুদ্ধার দেখতে পেয়েছেন।

আসলাম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে, দেশপ্রেমের গুণকে ধারণ করে আমরা যদি সামনের দিনগুলোতে রাজনীতি করতে পারি তাহলে এই দেশকে একটি অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। একইসাথে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি৷ মহান আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন৷ আমিন।

Tags :

সর্বশেষ