চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ‘বুড়ির নাতিকে জেলার হাটহাজারী থানার একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, হাটহাজারী থানার জোড়া খুনের মামলায় সাজ্জাদের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়।
ছোট সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৫টিরও বেশি মামলা রয়েছে।
গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় ছোট সাজ্জাদকে ধরতে অভিযানে যায় বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যান সাজ্জাদ। এতে পুলিশসহ পাঁচজন আহত হন। পরে একই থানার ওসিকে ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন তিনি। এরপর চলতি বছরের ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।
গত ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে পুলিশে দেওয়া হয়। তাকে গ্রেপ্তারের দুই সপ্তাহের মাথায় ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়। জোড়া খুনের ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সর্বশেষ গত ১৩ এপ্রিল আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।