চট্টগ্রাম নগরী কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্তির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার দামপাড়াস্থ কন্ট্রোল রুমে সন্ধ্যা ছয়টার মধ্যে নগরীর কুরবানীর বর্জ্য অপসারিত হয়েছে বলে জানান তিনি।
মেয়র বলেন, সকাল ৮টা থেকে ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে লোডারসহ ৩৬৯টি গাড়ি নিয়ে ৪২০০ শ্রমিক পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন। সঙ্গে সঙ্গে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। সন্ধ্যা ছয়টার মধ্যে নগরীর কুরবানীর বর্জ্য অপসারিত হয়েছে৷
“এছাড়া নগরীর কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ায় কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেয়া হচ্ছে। চট্টগ্রামের কিছু এলাকায় বিকালে কোরবানি দেয়ার সংস্কৃতি থাকায় সেসব বর্জ্য অপসারণেও পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া, অনেকে কোরবানির পরদিন কোরবানি দেন, সে বর্জ্যও আমরা অপসারণ করব।”
মেয়র সিটি কর্পোরেশন এলাকার কোথাও কোরবানির জবাইকৃত পশুর বর্জ্য কোরবানির দিন রাত ৮ টার পরে পড়ে থাকতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোলরুমে ০২৩৩৩৩৮৯১২২, ০২৩৩৩৩৮৯১২১ অথবা ০১৮৯৪-৮৮৩০০৫, ০১৮১১-৮০৩৬৬৬, ০১৭৬১-৪২৬৩৭১ নম্বরে জানানোর অনুরোধ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম,উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা,মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ প্রমুখ।