ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাছান মাহমুদের বাসভবনে সিপ্লাসটিভির দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত পলাশ সরকার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িত বাকিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।
রবিবার (২০ এপ্রিল) ভোরে নগরের দেওয়ানবাজার এলাকা থেকে পলাশকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার পলাশ সরকার বরিশালের আগৈলঝরা থানার বিল্লাগ্রামের ডাক্তার বাড়ির নিমাই সরকারের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রামে মাছুয়া ঝর্ণা এলাকায় বসবাস করেন।
এর আগে, গত ১৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড় এলাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ২২ তলা বহুতল ভবনে সংবাদ সংগ্রহ করতে গেলে চট্টগ্রামের অনলাইন টিভি চ্যানেল সিপ্লাসটিভির সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করা হয়।এসময় সিপ্লাসটিভির সংবাদকর্মী হোছাইন আব্বাস ও চিত্রগ্রাহক মোহাম্মদ শরিফ গুরুতর আহত হন। এ ঘটনায় আহত সংবাদকর্মীরা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো সাতজনকে আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতার পলাশ ঘটনার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাকীদের ধরতে পুলিশের অভিযান চলমান।