ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া সন্ত্রায়ী ও আপ বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সদস্য গাজী তাহমিদ খানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ৷ শনিবার নগরের জামালখানে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান৷
বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম মহানগর আপ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদের সঞ্চালনায় এবং মহানগর আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ রিয়াদ।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবীর বলেন, “শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন দৃঢ় কণ্ঠস্বর এবং জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা। আমরা প্রতিদিন ঘর থেকে বের হই কালিমা পড়ে। জুলাইয়ের যোদ্ধাদের ওপর হামলা চালিয়ে কোনোভাবেই বিপ্লবী চেতনাকে দমিয়ে রাখা যাবে না।”
মহানগর সদস্য সচিব মাহী চৌধুরী বলেন, “বর্তমান ইন্টেরিম সরকার বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চরমভাবে ব্যর্থ হয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ রিয়াদ বলেন, “গত ৪৮ ঘণ্টার মধ্যে দুইজন জুলাই যোদ্ধার ওপর হামলা সংঘটিত হয়েছে। গাজী তাহমিদ খানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং শরীফ ওসমান হাদির ওপর চালানো হয়েছে নৃশংস হামলা। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরফাত, মহানগর সদস্য সচিব রবিউল হোসেন, নাফিজ রহমান,কহিনুর আক্তার, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ইফতেখার ইফতি, উত্তর জেলা সদস্য সচিব সাকিব দক্ষিণ জেলা সদস্য সচিব ইলা সহ চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।