নগরীর হালিশহরের ওয়াপদা সংলগ্ন হালিমা মঞ্জিলের বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। ২ মার্চ (সোমবার) বিকাল ৪টায় তিনি এই পরিদর্শনে যান। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ভবন ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সাঈদ আল নোমান বলেন, “এই দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। বর্তমান শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকি ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে জনবহুল এলাকা, আবাসিক ভবন, শিল্পাঞ্চল, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।” তিনি অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দাহ্য পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিয়মিত পরীক্ষা এবং প্রতিটি ভবনে মানসম্মত ফায়ার সেফটি সরঞ্জাম—যেমন ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ব্ল্যাঙ্কেট, স্মোক ডিটেক্টর—পর্যাপ্ত পরিমাণে স্থাপন নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য হটলাইন নম্বরগুলো সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে বিস্ফোরণের খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন। বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ সাখাওয়াতসহ একই পরিবারের ৯ জনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকাস্থ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হলে সেখানেও তিনি দগ্ধদের দেখতে যান।
সাঈদ আল নোমান ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার প্রশংসা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ উদঘাটনের আহ্বান জানান। তিনি নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য গ্যাস ও বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।”
এ সময় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আলমগীর, হালিশহর থানার ওসি আহসান উদ্দীন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার কবির আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকল্যাণ কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।