চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলে মনোনয়ন নিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ। সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আকাশ দাশ বলেন, “আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এ কারণেই নির্বাচনে অংশ নিচ্ছি। এখানে ধর্ম নয়, আদর্শটাই মুখ্য বিষয়। ছাত্রশিবিরকে আমি সবসময় বিভাজনের বাইরে দেখেছি।”
তিনি আরও জানান, “প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে ছাত্রশিবির। একাডেমিক সমস্যার সময়ও আমি তাদের সহযোগিতাই আগে পেয়েছি। তাই অন্য প্যানেলের পরিবর্তে ছাত্রশিবিরকেই আমার জন্য উপযুক্ত মনে হয়েছে।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী জানান, তাদের প্যানেল ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। যদিও বুধবার (১৭ সেপ্টেম্বর) ঘোষণা দেওয়ার কথা ছিল, তবে অনিবার্য কারণে তা স্থগিত রাখা হয়। আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে।
তিনি বলেন, “আমাদের প্যানেলটি অন্তর্ভুক্তিমূলকভাবে সাজানো হয়েছে। ১৯৮১ সালে চাকসুর পঞ্চম ক্যাবিনেটে ছাত্রশিবিরের প্রার্থী পূর্ণেন্দু কুমার তৃতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করি, আকাশ দাশও এবার চাকসুতে বিজয়ী হয়ে আসবেন।