বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যাকারী ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবেনা।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানা আয়োজিত এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সংস্কার চায় এবং ফ্যাসিস্টদের দ্রুত বিচার চায়। গণহত্যাকারী আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই।জামায়াতে ইসলামী চায় দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করতে। এটা আজ শুধু জামায়াতে ইসলামী নয় দেশের সকল মানুষের দাবীতে পরিণত হয়েছে। সেজন্য আজ মানুষ দলে দলে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হচ্ছে।
তিনি আরো বলেন, জোট সরকারের আমলে জামায়াতের দুজন মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। কিন্তু সেখানে দূরবীন দিয়ে খুজেও এক টাকার দূর্নীতি কেউ বের করতে পারেনি। সুতরাং একমাত্র জামায়াতের দ্বারাই এদেশকে দূর্নীতিমুক্ত করা সম্ভব।
এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহাজান চৌধুরী, মহানগরী জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মোঃ নজরুল ইসলাম।
শাহাজান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন, দূর্নীতি, চাঁদাবাজী ও নিরপেক্ষ প্রশাসন। সুতরাং এ চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বাংলার মানুষ আজ পরিবর্তন চায়।জামায়াতে ইসলামী একদল সোনার মানুষ তৈরী করেছে। আর সেই সোনার মানুষ দিয়েই জাতির ভাগ্য পরিবর্তন করতে চায়।
আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সদস্য চট্টগ্রাম সীতাকুণ্ড-৪ আসনের জামায়াত ঘোষিত এম পি প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী, আল আমীন হাসপাতালের এম ডি ইউসুফ চৌধুরী, শ্রমিক নেতা মোঃ আলতাফ হোসেন ও ছাত্র নেতা সাইদুর রহমান। সম্মেলন সঞ্চালনার দায়িত্বে ছিলেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম এবং থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন।