চট্টগ্রাম বুলেটিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যানজটে হাজারো যাত্রী

ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার সকাল থেকে এ কর্মসূচির ফলে দেশের সবচেয়ে ব্যস্ত এ সড়কটিতে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে এবং তীব্র যানজটে পড়েন হাজারো যাত্রী।

সকাল ১১টার দিকে মানববন্ধন দিয়ে শুরু হওয়া বিক্ষোভের একপর্যায়ে পৌনে ১২টার দিকে শতাধিক কর্মকর্তা সড়কেই অবরোধ তৈরি করেন। তারা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪ থেকে ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখায় তারা মানবেতর জীবনযাপন করছেন বলে জানান।

গত শুক্রবার চাকরিচ্যুত কর্মকর্তাদের পক্ষ থেকে রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেওয়া হলেও শনিবার সকাল থেকেই তাদের এ আন্দোলন শুরু হয়। মহাসড়ক অবরোধের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে, যাতে অনেক যাত্রীই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে এতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Tags :

সর্বশেষ