চট্টগ্রাম বুলেটিন

নোয়াখালী মাইজদী কোর্টের হাউসিং মোড়ে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ স্থাপন

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর উদ্যোগে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে নোয়াখালী মাইজদী কোর্টের হাউসিং মোড়ে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে বই বিতরণ করা হয়েছে।

গতকাল রাতে ডেনিম হেয়ার কাট সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা, লেখক ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিল ডেলিগেট ক্রীড়াব্যক্তিত্ব
ইকবাল বাহার আজাদ।

এ সময় উদ্বোধক ইকবাল বাহার আজাদ বলেন, প্রযুক্তির উৎকর্ষতা বাড়ায় বর্তমান যুগে বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে। মানুষ এখন বই নিয়ে পড়ে, মোবাইল নিয়ে নাড়াচাড়া করে, এ কনসেপ্টে পাঠকরা তাদের অবসর সময়কে কাজে লাগাবে। ফলে এলাইজমা নামক রোগ থেকেও পরিত্রাণ পাওয়ার উপকার পাবে। বই পড়ায় পাঠক সৃষ্টি করতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

গোলাম মাওলা জসিম জানান, ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এসবের কারণে তারা হারাচ্ছে বই পড়ার অভ্যাস। দিন দিন হারিয়ে যাচ্ছে পাঠক। পাঠকবিমুখতা দূর করতে ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ পাঠাগার স্থাপন করার প্রয়াস। এতে উপস্থিত ছিলেন সেলুন মালিক পিন্টু চন্দ্র দাস সহ স্থানীয়রা।

উল্লেখ্য, `অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।

Tags :

সর্বশেষ