চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে ২২ নভেম্বর রাত বারোটায় পরিচালিত এক অভিযানে থানার মূল গেইটের বিপরীতে সৈকতের বিকাশ দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম মো. ফারুক। তিনি দৈনিক একাত্তর নামে ভুয়া একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। তার কাছ থেকে ৫ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গতকাল রাত ১২টায় পাহাড়তলী থানার বিপরীতে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে ভেতরে থাকা যাত্রীর কাঁধে একটি খয়েরী রঙের স্কুলব্যাগ দেখতে পান পুলিশ সদস্যরা। এসময় যাত্রীকে সিএনজি থেকে নামিয়ে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভেতরে ৩টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ভুঁইফোড় অনলাইনের সাংবাদিকের আইডি কার্ড বানিয়ে সেটির অপব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিল। শুক্রবারও সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ মাজার এলাকা থেকে মাদকদ্রব্য (গাজা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল।
নগর পুলিশের মুখপাত্র কাজী তারেক আজিজ বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।