নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচদন দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ল্যাবে কম্পিউটার শিক্ষা, বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং স্থানীয় যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন উল্লেখযোগ্য।
আজ মঙ্গলবার চসিক মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই অনুমোদন প্রদান করা হয়। সভায় উত্তর কাট্টলীর বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সাহেদ আকবর এবং কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার যুবদল নেতা শাহেদ আকবরের অনুরোধে ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে চসিক মেয়র পাঁচটি কাজের অনুমোদন করেন। অনুমোদিত প্রকল্পগুলো হলো, কম্পিউটার ও স্পোকেন ইংলিশ কোর্স: তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে বিশেষ প্রশিক্ষণ কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে। মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল অ্যান্ড কলেজ কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলেজের কম্পিউটার ল্যাব ব্যবহার করে স্থানীয় ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে কিংবা সাশ্রয়ী মূল্যে কম্পিউটার ও স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ দেওয়া হবে।
বিশুদ্ধ পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপন: কাট্টলীর বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে ৪টি গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো স্থাপন করা হবে— বিশ্বাস পাড়া দিঘির দক্ষিণ পাড়ে, বিশ্বাস পাড়া দরবেশ আলী চৌধুরী পাড়ায়, দক্ষিণ আগ্রাপাড়ায় এবং ইশান মহাজন রোডের সেবাখোলা মন্দিরে৷
নগেন্দ্র লাল দে সড়কের উন্নয়ন: স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে নগেন্দ্র লাল দে সড়কের বিপিন মাস্টার বাড়ি অংশের উন্নয়ন কাজের অনুমোদন দেওয়া হয়েছে।
ড্রেন ও রাস্তা সংস্কার (আজিম তালুকদার বাড়ি এলাকা): কাট্টলী আজিম তালুকদার বাড়ি ও সেন বাড়ি এলাকার ড্রেন এবং রাস্তার অবশিষ্ট অংশে স্ল্যাবসহ আধুনিক উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন: দারোগা বাড়ি মসজিদ মোড় থেকে শুরু করে মাওলানা তমিজ বাড়ি মসজিদ পর্যন্ত নতুন ড্রেন ও স্ল্যাব নির্মাণ কাজের অনুমোদন প্রদান করা হয়েছে, যা এলাকার জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে।
সভা শেষে এক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সাহেদ আকবর বলেন, “আমরা উত্তর কাট্টলীকে নিয়ে যে স্বপ্নের বীজ বুনেছি, তা বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছি। কাট্টলীর এই অগ্রযাত্রায় কাট্টলী ওয়ার্ড বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। বিশেষ করে আমাদের অভিভাবক, মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন ভাইয়ের আন্তরিকতা ও জনকল্যাণমুখী উদ্যোগের প্রতি কাট্টলীবাসী চিরকৃতজ্ঞ।”
এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে দ্রুততম সময়ে এই উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদন দেওয়ায় চসিক মেয়রকে উত্তর কাট্টলীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।