চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামের আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে নেমেছে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো

মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যেকোন ধরণের নৈরাজ্য, নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে চট্টগ্রামের ছাত্র-জনতা। একইসাথে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরাও মাঠে সক্রিয় রয়েছে। মঙ্গলবার সকাল থেকে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতাকর্মীরা ৪১টি ওয়ার্ডের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। একইসাথে কড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা সাড়ে এগারোটা পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোন মিছিলের খবর পাওয়া যায়নি।

জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে চট্টগ্রামের সব থানা এলাকায় সতর্ক রয়েছে পুলিশ। একইসাথে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। যেকোন ধরণের অপতৎপরতা, নাশকতা ঠেকাতে টহল জোরদার করা হয়েছে।

এদিকে সোমবার বিকেলে মাঠে থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সেই অনুযায়ী দলটি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকে মাঠে নামে। সরেজমিনে দেখা যায়, নগরের টাইগারপাস, দুই নম্বর গেট, জিইসি মোড়, পলিটেকনিক, বায়োজিদ, বহদ্দারহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় অলি-গলিতে সতর্ক রয়েছে সাধারণ ছাত্র জনতা। তাদের সাথে যোগ দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি জামায়াতে ইসলামী, শিবির, এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীরাও সক্রিয় আছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। তারা মিছিলের নামে জনগণের মনে যেই আতঙ্ক তৈরি করেছে তার নিসন্দেহে নাশকতার পরিকল্পনা। জনগণকে সেই আতঙ্ক থেকে বাঁচাতে আমরা মাঠে সক্রিয় রয়েছি। তবে আমাদের কোন মিছিল নেই। আমাদের ১৫টি থানা ও ৪৭টি সাংগঠনিক ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। তারা যেন যেকোন ধরণের নাশকতা, নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। আওয়ামী লীগকে যেকোন মূল্যে আমরা ঠেকাব। জনগণ মনে করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেলে আবারও জুলাই হত্যাকাণ্ড চালাবে। সেটা মিছিল থেকে পুলিশকে দেওয়া হুমকিতে বুঝা গেছে।

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, আমাদের কোন কর্মসূচী নেই তবে। কেউ যেন জনমনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করতে না পারে, জনগণের স্বাভাবিক জীবন ব্যাহত করতে না পারে সেজন্য ৪১টি ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে কোরন দুস্কৃতিকারী যেন মাঠে নামতে না পারে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, মোড়ে মোড় টহল জোরদার করা হয়েছে। আমাদের ফোর্সগুলো সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যেন কোন ধরণের নাশকতা সৃষ্টি করতে না পারে। তবে এখন পর্যন্ত কোন ঝটিকা মিছিল বা নাশকতার খবর পাওয়া যায়নি।

 

 

 

Tags :

সর্বশেষ