বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম উত্তরজেলা শাখায় সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মিরসরাইয়ের ছাত্রনেতা মো. পারভেজ।
গত শুক্রবার (১৯ জুন) তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি এবং সরোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের ৩৮৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই কমিটির অনুমোদন দেয়।
নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. পারভেজের নাম ঘোষণার পর থেকেই মিরসরাইসহ চট্টগ্রাম জেলার স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, মো. পারভেজ দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এর আগে তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। রাজপথের সক্রিয় এই নেতাকে উত্তরজেলার গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মো. পারভেজ দলের শীর্ষ নেতৃত্ব ও উত্তরজেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে রাজপথে দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।