চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি দখলে বাধা দেয়ার সময় কাদা মাটিতে চেপে ধরে শ্বাসরোধে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকাল তিনটায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীর ইউছুফ আলী (৬৮) আরআর জুট মিলসের সাবেক হিসাব রক্ষক কর্মকর্তা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফ আলীর ছেলে মীর মোহাম্মদ ইফতেখার। তিনি বলেন, আমার চাচা মীর আব্দুর রহিম উত্তরাধিকার সূত্রে পাওয়া তার মালিকানাধীন জমি প্রতিবেশী মৃত আব্দুল রহিমের ছেলে মো. হেলাল উদ্দিনের কাছে বিক্রি করেছেন। কিন্তু আমার বাবারা তিন ভাইয়ের জায়গা এখনো বন্টন না হওয়ায় সীমানা নির্ধারণ হয়নি। এরমধ্যেই সকালে প্রবাসী হেলাল উদ্দীন ৪০-৫০ জন লোক ভাড়া করে এনে তার ইচ্ছে মতো বাঁশ-বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন। এসময় আমার বাবা তাদের জায়গা ভাগবাটোয়ারা না হওয়ার বিষয়টি তাকে অবগত করলে তার সঙ্গে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে আমার বৃদ্ধ বাবাকে এবং আমাকে পাশের কাদা মাটিতে ফেলে মাটিতে চেপে ধরে সে। এতে শ্বাসরুদ্ধ হয়ে আমার বাবা ঘটনাস্থলেই মারা যান। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, দুপুর ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।