চট্টগ্রামের সিটি গেইট এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডের পাঁচজন জেলের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। একইসাথে পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে পরিষদ মাঠে অনুষ্ঠিত এক শুনানী শেষে এসব আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
জানা গেছে, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পর সারাদেশের মতো চট্টগ্রাম জেলার ইউনিয়ন পরিষদগুলোও জনপ্রতিনিধি শূন্য। ১৯১টি ইউনিয়নের মধ্যে মাত্র ৩৬টিতে জনপ্রতিনিধি আছে। বাকিগুলোতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে মঙ্গলবার প্রথমবারের মতো সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে নাগরিকসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে ওই উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুরের অবহেলিত বাসিন্দাদের গুরুত্ব দেওয়া হয়।
এসময় সেখানকার দুই লাখ বাসিন্দার প্রতিনিধিরা তাদের ভোটার হওয়া, জন্ম নিবন্ধন, টিকা, পানি, বিদ্যুৎ, নির্বাচন কমিশনের ম্যাপে এলাকাটি না থাকাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। পরে এসব সুবিধা নিশ্চিতের কথা জানান ডিসি ফরিদা খানম। একইসাথে কালভার্ট, ব্রিজ, ড্রেন নির্মাণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথাও জানান তিনি।