চট্টগ্রামের সীতাকুণ্ডে নিত্য পণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। অভিযানে নয়টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলার সীতাকুণ্ড বাজারে
এ অভিযান পরিচালনা করা হয়। মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখা, বরফকল পরিদর্শন ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় রুপালী আইচ ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা, আমজাদ হোসেনকে ৫ হাজার টাকা, আশিস চৌধুরীকে ৫ হাজার টাকা, খোকন মজুমদারকে ৩ হাজার টাকা, আলাউদ্দিন টিটুকে ৫ হাজার টাকা, সালাউদ্দিন আহমেদকে ৫ হাজার টাকা, কামরুল আলমকে ৫ হাজার টাকা, জোবায়েদ আহমেদকে ৫ হাজার টাকা, হেলাল উদ্দিনকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৪ ও ৪৫ ধারামতে এসব জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।